×
Logo

সারাদেশ

প্রাণিসম্পদ উৎপাদনে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না: প্রতিমন্ত্রী টুকু

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

প্রাণিসম্পদ উৎপাদনে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না: প্রতিমন্ত্রী টুকু

ফাইল ছবি

জনগণ যাতে নিরাপদ খাদ্য পায়, সে দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণিসম্পদ উৎপাদনে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের জয়দেবপুরে পিটিআই অডিটোরিয়ামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, উৎপাদনের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা, মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমিয়ে খামারিদের টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের প্রথম শর্তই হচ্ছে প্রাণীকে নিরাপদ ও মানসম্মত খাদ্য খাওয়ানো। নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে প্রাণী সুস্থ ও নিরাপদ থাকবে এবং সেই প্রাণী থেকে উৎপাদিত মাংস, ডিম ও দুধও নিরাপদ রাখা সম্ভব হবে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনের পুরো প্রক্রিয়ায় পশুখাদ্যের মান নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারের উদ্যোগ তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উৎপাদন খরচ কমিয়ে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের জন্য ব্যাংক ঋণ সহজ করা হবে। প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে প্রাণিসম্পদ খাত শক্তিশালী হবে, আর খামারিরা শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

/এসআইএন

Logo