বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আহত ৪
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ এএম
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর ট্রলি নেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ মারধরের ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণ চিকিৎসার জন্য রাতে শজিমেক হাসপাতালে আসেন। জরুরি বিভাগের সামনে রোগীকে ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি সংগ্রহ করা নিয়ে ওই তরুণের বন্ধুদের সঙ্গে কর্তব্যরত আনসার সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবকেরা সংঘবদ্ধভাবে আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন।
মারধরে চারজন আনসার সদস্য আহত হন। পরে তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিকিৎসার জন্য আসা ওই তরুণের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।
/এএ