×
Logo

সারাদেশ

জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিলো প্রশাসন

জামালপুর করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি গুঁড়িয়ে দিলো প্রশাসন

জামালপুরের মেলান্দহে একটি অবৈধ ইটভাটার ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ইমন হোসেনের নেতৃত্ব দেন। এ সময় জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রচলিত ইটভাটা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ‘শেখ ব্রিকস’ নামের এই ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। অভিযানকালে ইটভাটাটির কার্যক্রম বন্ধ পাওয়া যায়। এ সময় ভাটার মালিকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফলে অভিযানে কোনো জরিমানা করা হয়নি।

পরে আইন বাস্তবায়নের অংশ হিসেবে ইটভাটাটির ফিক্সড চিমনি ভেঙে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ইটভাটা। এখানে ফিক্সড চিমনি ছিল, যা ২০১০ সাল থেকেই নিষিদ্ধ। সারাদেশে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনি উচ্ছেদের যে কার্যক্রম নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এএম  

Logo