×
Logo

সারাদেশ

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীর অনৈতিক সম্পর্ক জেনে ফেলায় স্বামী হাসান শেখকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্ত্রী ফরিদা বেগমসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দীন চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নিহত হাসানের স্ত্রী ফরিদা বেগম (৩৮), শাহজাহান মাতুব্বর (৪৪), ফারুক বিশ্বাস (৪৩) এবং চান্দু শেখ (৩০)। দণ্ডপ্রাপ্ত চারজনের বাড়িই ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে।

রায় ঘোষণার সময় শাহজাহান মাতুব্বর, ফারুক বিশ্বাস ও চান্দু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। তবে প্রধান আসামি নিহতের স্ত্রী ফরিদা বেগম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বাসিন্দা হাসান শেখের (৩৫) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল ফরিদা বেগমের। বিয়ের পর ফরিদা স্থানীয় একটি মিলে শ্রমিকের কাজ শুরু করেন। সেখানে কাজ করার সুবাদে মাদক ব্যবসায়ী শাহজাহান মাতুব্বরসহ একাধিক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি স্বামী হাসান শেখ জানতে পেরে স্ত্রীকে বাধা দেন এবং একাধিকবার সতর্ক করেন। এ নিয়ে পারিবারিক কলহ চরমে পৌঁছায়।

এরই জেরে ২০১৮ সালের ৯ মে রাতে শাহজাহান মাতুব্বর ফোনে ডেকে নেন হাসান শেখকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। চার দিন পর ১৩ মে বিকেলে ঝাউখোলা গ্রামের একটি আখক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা ইমান উদ্দিন শেখ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুর রহমান চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

ফরিদপুর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আজিজুর রহমান বিকু জানান, অনৈতিক সম্পর্কের পথ পরিষ্কার করতে পরকীয়া প্রেমিক ও সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে হাসানকে হত্যা করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত দৃষ্টান্তমূলক এই রায় দিয়েছেন।

/এএ 

Logo