ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাস হয়েছে ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’। সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে তৃতীয়বারের মতো একই ধরনের যুদ্ধবিরোধী প্রস্তাব পাস করল নিম্নকক্ষ।
প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে প্রস্তাবটি ২২০–২০৪ ব্যবধানে অনুমোদিত হয়। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সাতজন আইনপ্রণেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পক্ষে ভোট দেন। এর আগের ভোটাভুটিতে যেখানে চারজন রিপাবলিকান সমর্থন দিয়েছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।
কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) এক সাম্প্রতিক প্রতিবেদনের পরই এই প্রস্তাব পাসে তোড়জোড় শুরু হয়। সিবিও'র তথ্যানুযায়ী, গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধে ওয়াশিংটনের ইতোমধ্যে ৩৮ বিলিয়ন (৩ হাজার ৮০০ কোটি) ডলারেরও বেশি ব্যয় হয়েছে। বর্তমানে যুদ্ধের পেছনে প্রতি মাসে প্রায় ৩ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তি খরচ গুনতে হচ্ছে।
প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়, টানা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অভিযান পরিচালনা করায় মার্কিন বাহিনীর নিজস্ব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনক হারে ফুরিয়ে আসছে। এই ঘাটতি পূরণ করে পূর্বাবস্থায় ফিরতে মার্কিন অস্ত্রাগারের কয়েক বছর সময় লেগে যেতে পারে।
মূলত ভিয়েতনাম যুদ্ধের পর পাস হওয়া ঐতিহাসিক ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় এই পদক্ষেপ নিয়েছেন আইনপ্রণেতারা। এই আইন অনুযায়ী, দেশের বাইরে দীর্ঘমেয়াদী কোনো সামরিক অভিযান চালাতে হলে মার্কিন প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও, এই আইনের মাধ্যমে আইনপ্রণেতারা মার্কিন সেনা প্রত্যাহারের আদেশ দেওয়ার এখতিয়ার রাখেন।
/এএ