×
Logo

সারাদেশ

ফেনীর নুসরাত হত্যা মামলায় ৮ জনের মুক্তি

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

ফেনীর নুসরাত হত্যা মামলায় ৮ জনের মুক্তি

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া ১ নারীসহ ৮ জন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তারা বের হন। বিষয়টি নিশ্চিত করেন, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন।

তিনি বলেন, মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাচাই শেষে তাদেরকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়। 

মুক্তিপ্রাপ্তরা হলেন, মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ এবং কামরুন্নাহার মনি। এসময় মা কামরুন্নাহার মনির সঙ্গে তার ৭ বছরের মেয়ে মোবাশ্বেরা খানম রাথী ও বের হন।

মুক্তির খবরে সকাল থেকেই তাদের আত্মীয়স্বজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষা করতে থাকেন। এ সময় মুক্তি প্রাপ্তরা তাদের  আত্মীয়-স্বজনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন বলে পরিবারসূত্রে জানা যায়।

ইফতেখার এর মা হাজেরা বেগম বলেন, আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছিলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার ছেলেকে বুকে ফিরে পেয়েছি।

/এমএইচআর

Logo