ভুয়া ডাক্তার ইস্যুতে ফেসবুকে মন্তব্য, হেনস্তার শিকার হয়ে থানায় অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ভুয়া ডাক্তার ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করাকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় রাকিবুল ইসলাম জাবের নামে এক ব্যক্তি হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের শরণখোলা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত রোববার (১৩ সেপ্টেম্বর) যমুনা টেলিভিশনে প্রকাশিত ভুয়া চিকিৎসকদের নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের মাহামুদুল হাসানের নাম উঠে আসে। এরপর শামিম হাসান সুজন নামে এক ব্যক্তি সেই ভুয়া ডাক্তারের পক্ষে ফেসবুকে একটি খবর প্রকাশ করে। সেই পোস্টে মন্তব্য করেন রাকিবুল ইসলাম জাবের।
সেই মন্তব্যের জের ধরে সোমবার (১৪ সেপ্টেম্বর) আমড়াগাছিয়া জামে মসজিদের সামনের রাস্তায় প্রায় দুই শতাধিক ব্যক্তি জড়ো হয়ে জাবের ও তার স্ত্রীর পথরোধ করে। এরপর তারা মব সৃষ্টির উদ্দেশ্যে নানাভাবে হেনস্তা করে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শামিম হাসান সুজন 'sound news24' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন এবং সেখানে বিভিন্ন ভিডিও আপলোড করেন। তার বিরুদ্ধে এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে।
যেকোনো সময় জানমাল নষ্ট হওয়ার আশঙ্কা করায় হেনস্তার শিকার জাবের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগটি করেন।
প্রসঙ্গত, সম্প্রতি চিকিৎসার নামে প্রতারণা ও ভুয়া চিকিৎসকদের নিয়ে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসান মিসবাহর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের মাহামুদুল হাসানের নামও উঠে আসে।
যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে, দেশে প্রায় ১০ হাজার ভুয়া চিকিৎসক কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা বা বিএমডিসির সনদ ছাড়াই দিনের পর দিন চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছেন।
অনুসন্ধানে এমন কথিত চিকিৎসকের সন্ধান মিলেছে, যাদের চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই।
এরপর মঙ্গলবার রাজধানীর শাহবাগে ভুয়া চিকিৎসকদের বিচারের দাবিতে বিক্ষোভ করে 'ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস'।
/এএম