×
Logo

সারাদেশ

মাদক এখন সামাজিক ব্যাধি, সীমান্তে ড্রোনেও আসছে মাদক: আইনমন্ত্রী

বাগেরহাট করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

মাদক এখন সামাজিক ব্যাধি, সীমান্তে ড্রোনেও আসছে মাদক: আইনমন্ত্রী

মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, মাদক পাচারের কৌশল প্রতিনিয়ত পাল্টাচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকায় নজরদারি এড়াতে ড্রোনের মাধ্যমেও মাদকের চালান আসছে। অথচ মাদক সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ও হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। মাদকের এই সর্বনাশা বিস্তার রোধ করতে হলে কেবল খুচরা বিক্রেতা নয়, বরং শীর্ষ চোরাকারবারিদের শনাক্ত করে আইনের মুখোমুখি করতে হবে।

মানবাধিকার ও আইনের শাসনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের শাসনামলে শুধুমাত্র বিএনপি-জামায়াত করার অপরাধে বিরোধী মতের অসংখ্য মানুষকে গুম ও বিচারবহির্ভূতভাবে ক্রসফায়ার দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকারের আমলে সেই অমানবিক ও বেআইনি সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

/এএ 

Logo