×
Logo

সারাদেশ

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নোয়াখালীর সুবর্ণচরে এরশাদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।  

নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক।

নিহতের ভগ্নিপতি নুর উদ্দিন বলেন, এরশাদ কৃষিকাজের পাশাপাশি মেঘনা নদীতে মাছ ধরতেন। গত রোববার মাছ ধরার উদ্দেশ্যে ঠেলা জাল নিয়ে তিনি সন্দ্বীপের জাহাজমারা এলাকায় মেঘনা নদীতে যান। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখেন।

নুর উদ্দিনের ভাষ্য, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে ঘাটে আসছেন। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এএম

Logo