×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাড়াও আসামিকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দন্ডিত আসামি রশিদ মিয়া (৫৫) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলাম হোসেনের ছেলে।

টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালে ১৪ এপ্রিল ১৪ বছরের এক শিশু তার দাদিকে ডাকার জন্য পুকুরপাড়ে যায়। এ সময় আসামি রশিদ মিয়া শিশুটিকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং এ ঘটনা কাউকে জানালে শিশু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে ভয় দেখান।

পরে ভিকটিমের শারীরিক অবস্থা পরিবর্তন হলে তার পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে। ধর্ষণের ঘটনায় শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভিকটিম তার পিতার বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। পরে আদালত মির্জাপুর থানাকে মামলাটি এজাহারের জন্য আদেশ দেন।

দণ্ডিত আসামি রশিদ মিয়ার ডিএনএ পরীক্ষার রিপোর্টে ভিকটিমের কন্যা সন্তানের পিতা বলে নিশ্চিত হয়। পরে সকল সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।

/এএম 

Logo