×
Logo

সারাদেশ

দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব: পরিবেশমন্ত্রী

লক্ষ্মীপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব: পরিবেশমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল বলেছেন, সমাজে যে কোনো মূল্যে দুর্নীতি রুখতে হবে এবং দুর্নীতি প্রতিরোধ করাই বর্তমান প্রশাসনের প্রধান দায়িত্ব।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলার আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে বিদ্যমান। আমি যদি দুর্নীতি করি, তবে আপনাদের মাধ্যমেই করবো। ধরেন, আমি যদি কোনো ঠিকাদারের কাছ থেকে পয়সা নিই, তাও আপনাদের মাধ্যমেই নেবো।

তিনি আরও বলেন, সেজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো—যতক্ষণ না আমরা পুরোপুরি দুর্নীতি প্রতিরোধ করতে পারছি, ততক্ষণ এই অপতৎপরতা বন্ধে চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতি সমাজে কম আর বেশি সব সময়ই থাকে, কিন্তু একে থামানো এবং প্রতিরোধ করাই আমাদের প্রধান দায়িত্ব।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

সভায় জেলার চলমান জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রতিটি সরকারি দপ্তরে সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধে দিকনির্দেশনা প্রদান করা হয়।

/এএ

Logo