ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ এএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ সময় জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে ভবন থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে এক শিশুসহ অন্তত ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্ররা জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় লিফটের কন্ট্রোল রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়া চারপাশের ওয়ার্ড ও করিডোরে আচ্ছন্ন হয়ে পড়ে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে রোগী, তাদের স্বজন এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীরা একযোগে ভবন ছেড়ে দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
ভবনের অপ্রশস্ত সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে দ্রুত নামার সময় অনেকে পায়ের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন শাহজাহান ও কুলসুম। বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
/এএ