×
Logo

সারাদেশ

জামালপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম

জামালপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদক মামলার এক পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। আসামিপক্ষের স্বজনদের সঙ্গে ধস্তাধস্তি ও হামলায় এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্ত আসামি ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।  

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। 

গ্রেফতার হওয়া ব্যক্তি উপজেলার ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে এনামুল হক (৩০)। তিনি একটি নিয়মিত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ সময় পুলিশের কাজে বাধা ও হামলায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সবুজা বেগমকেও (২৮) আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আউয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের শ্যামপুর এলাকায় এনামুল হককে গ্রেফতারে অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং তীব্র ধস্তাধস্তিতে লিপ্ত হন। একপর্যায়ে হ্যান্ডকাফ পরানো অবস্থায় আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় এসআই হিমন বাঁ হাতে গুরুতর আঘাত পান এবং বাকি তিন পুলিশ সদস্যও কমবেশি আহত হন। পরবর্তীতে তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মাদক মামলার ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে শেষ পর্যন্ত অভিযুক্ত মাদক কারবারি ও তার সহযোগীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। 

/এএ

Logo