হবিগঞ্জে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমির সীমানা ও আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাইসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার কুর্শা খাগাউড়া সংলগ্ন চালবন হাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাহির মিয়া খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্ররা জানান, সকালে তাহির মিয়া তার ভাইদের সাথে নিয়ে চালবন হাওড়ে নিজেদের ফসলি জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ ও বক্করসহ বেশ কয়েকজন তাদের কাজে বাধা দেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম আকার ধারণ করে এবং প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষে তাহির মিয়াসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
/এএ