×
Logo

সারাদেশ

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী নজরুল ইসলাম হলের সামনে অবস্থিত একটি দোকানের মালিকানা ও দাবি নিয়ে দীর্ঘদিন ধরে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ ও বিরোধ চলছিল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুর হল চত্বর সংলগ্ন সড়কে এ বিষয় নিয়ে উভয় হলের শিক্ষার্থীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা চরম রূপ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে রূপ নেয়। 

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পুনরাবৃত্তি এড়াতে উভয় হলের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দোকানের বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

/এএ

Logo