ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর
স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আশাদুলের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবি'র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৩ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির আওতাধীন এলাকায় মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতের অভ্যন্তরে দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর চকসিমানন্দ ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে নিহত হন আশাদুল হক (৩৫)।
আশাদুল ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
এ ঘটনায় পীরগঞ্জের ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে মুস্তাকিন (৩৮) ও মনসা চন্দ্র রায়ের ছেলে উদা চন্দ্র রায় (৩৫) নামে আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বিএসএফ তাদের ফেরত দেয় নাই।
/এসআর