×
Logo

সারাদেশ

পিরোজপুর সদর হাসপাতালে রাতে দুই প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

পিরোজপুর সদর হাসপাতালে রাতে দুই প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পিরোজপুর জেলা সদর হাসপাতালে রাতে আকস্মিক ঝটিকা পরিদর্শন করেছেন সরকারের দুজন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, নির্ধারিত স্থানে দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতিসহ নানা প্রশাসনিক অসঙ্গতি দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (জেলার দায়িত্বপ্রাপ্ত) মো. রাজিব আহসান এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ হাসপাতালটিতে পরিদর্শনে যান। এ সময় তাদের সাথে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। রোগীরা নিয়মিত সরকারি ওষুধপত্র ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা সেবাপ্রাপ্তিতে কোনো ধরনের দালালচক্র বা ভোগান্তির শিকার হচ্ছেন কি না—সে বিষয়ে রোগী ও তাঁদের স্বজনদের সাথে সরাসরি কথা বলেন তারা।

পরিদর্শনের এক পর্যায়ে প্রতিমন্ত্রীদ্বয় রান্নাঘরে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রস্তুতকৃত ও পরিবেশিত খাবারের মান ও পরিমাণ সরেজমিনে পরীক্ষা করেন। সরকার নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে এবং স্বাস্থ্যসম্মত গুণগত মান বজায় রেখে খাবার সরবরাহ করা হচ্ছে কি না, তা যাচাই করতেই বড় ধরনের গরমিল ধরা পড়ে। রোগীদের খাবারের এমন বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন দুই প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় হাসপাতালের ওয়ার্ডগুলোর সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা, নিয়মিত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার পরিবেশকে পুরোপুরি রোগীবান্ধব হিসেবে গড়ে তোলার কঠোর নির্দেশ দেন। বিশেষ করে রোগীদের খাদ্য সরবরাহে যে কোনো অনিয়ম ও কারচুপি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক তদারকি ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

/এএ 

Logo