আ.লীগের আশপাশের বন্ধুরাই সাবেক এমপি আনারকে হত্যা করেছে: রাশেদ খাঁন
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে আওয়ামী লীগের লোকজন ও তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সাবেক এই সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, কালীগঞ্জের এমপি আনার সাহেবকে পার্শ্ববর্তী ভারতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহের অস্তিত্বও রাখা হয়নি।
তিনি বলেন, কালীগঞ্জকে অনেকে চোরাকারবারের এলাকা হিসেবে নেতিবাচকভাবে দেখেন। এখানে মাদকের বড় ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। পাশাপাশি সামাজিক বন্ধনের অভাব ও বিভিন্ন ধরনের মারামারির ঘটনাও রয়েছে। এসব কারণে অনেকের কাছে কালীগঞ্জের একটি নেতিবাচক পরিচিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, কালীগঞ্জের এই বদনাম ঘোচাতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। এজন্য তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে এ কাজে পাশে থাকার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, তোমাদের মধ্যে অনেকেই হয়তো কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। এতে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমিও এসএসসিতে জিপিএ-৫ পাইনি। কিন্তু পরবর্তীতে কঠোর পরিশ্রম ও অব্যাহত চেষ্টার মাধ্যমে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলাম।
এসময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান রাশেদ খাঁন। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও চাহিদা পূরণে নিজের অবস্থান থেকে সহযোগিতার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে রাশেদ খাঁন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, শামসুল ইসলাম, রেজাউল ইসলাম, নজরুল মোল্ল্যা, খোকা মিয়া, লুৎফর রহমান লেন্টু, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল ও মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
/এমএইচআর