×
Logo

সারাদেশ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে কাজী আশরাফ (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা মাহমুদুল হাসান অনিক নামে এক আরোহী আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মেয়ের জামাই সনি চৌধুরী জানান, রোববার সকালে আমার শ্বশুর কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। 

এ সময় খুলনাগামী দোলা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ ও তার বন্ধু অনিক গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

/এএম

Logo