আমরা প্রতিশোধপরায়ণ হইনি, দেশে আগের মতো মিথ্যা গায়েবি মামলা নেই: আইনমন্ত্রী
সাতক্ষীরা করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
বর্তমান সরকার কোনো ধরনের প্রতিশোধপরায়ণ রাজনীতিতে বিশ্বাসী নয় এবং দেশে বিগত দিনের মতো পুলিশ বাদী হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা গায়েবি মামলা দায়েরের সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, অতীতে পুলিশ বাহিনীকে দলীয় দাসত্বে পরিণত করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পর ভেঙে পড়া পুলিশ বাহিনীকে সাহস জুগিয়ে ও মানসিক শক্তি দিয়ে কাজে ফেরাতে হয়েছে। তারা এখন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজনৈতিক মামলার সংস্কৃতি পরিবর্তনের চিত্র তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক সব মামলার বাদী হতো স্বয়ং পুলিশ। তবে ৫ আগস্টের পর থেকে পুলিশ নিজ উদ্যোগে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দিয়েছে—এমন একটি উদাহরণও মিলবে না। তবে সংক্ষুব্ধ কোনো সাধারণ ব্যক্তি মামলা বা অভিযোগ দায়ের করলে পুলিশ তা ফিরিয়ে দিতে পারে না; বরং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ভারসাম্যের জায়গায় প্রশাসন পৌঁছেছে, ফলে আগের মতো মিথ্যা গায়েবি মামলার সুযোগ আর নেই।
রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, আমরা এখনো প্রতিশোধপরায়ণ হইনি, ভবিষ্যতেও হতে চাই না। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনা অনুযায়ী জনগণের সুশাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাবো। মাদকের পাশাপাশি রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও আমরা সমানভাবে সোচ্চার। এ পথে যদি বিএনপির কোনো নেতাও প্রতিবন্ধকতা তৈরি করে, তবে প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন রয়েছে—কাউকেই ছাড় দেওয়া হবে না।
দুর্নীতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দুর্নীতিও বড় ব্যাধি। চেয়ারে বসে মানুষের সেবা বা ন্যায়বিচার নিশ্চিত না করে কীভাবে অন্যের ক্ষতি করা যায়—সেই মানসিকতা পরিহার করতে হবে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র থেকে সীমান্ত গলিয়ে আসা মাদকের চালান ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
/এএ