মুন্সীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় রিনা বেগম নামের এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী সুমন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে সুমন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘুমন্ত স্ত্রী রিনা বেগমকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন সুমন। হত্যার পর পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে কুমিল্লার দিকে চলে যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেলে অভিযানে নামে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
/এএম