×
Logo

সারাদেশ

২ বছর পর তিতাসে ফিরল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

২ বছর পর তিতাসে ফিরল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মাদরাসা শিক্ষার্থীদের আপত্তির মুখে টানা দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আবারও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহর ঘেঁষা তিতাসের শিমরাইলকান্দি থেকে মেড্ডা পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৯টি নৌকা অংশ নেয়। বিকেলে শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। শিমরাইলকান্দি ঘাট থেকে শুরু হয়ে মেড্ডা শ্মশানঘাট এলাকায় গিয়ে বাইচ শেষ হয়।

নৌকা বাইচকে ঘিরে তিতাসের দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই দূরদূরান্ত থেকে ছোট-বড় নৌকা নিয়ে দর্শনার্থীরা নদীর তীরে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই নদীর দুই পাড় নৌকায় প্রায় সয়লাব হয়ে যায়। নদীর পশ্চিম পাড়ের উঁচু ভবন ও বিভিন্ন স্থাপনাতেও প্রতিযোগিতা দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে এবার ৮প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকায় সাউন্ড সিস্টেম ও নাচ নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএইচআর

Logo