×
Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দি ৩ হাজার পরিবার

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, পানিবন্দি ৩ হাজার পরিবার

বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও স্থিতিশীল রয়েছে। ভারত থেকে আসা উজানের পানি ও ফারাক্কার সবকটি জলকপাট খুলে দেওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ রয়েছে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান।

তবে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি আর বাড়েনি। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে শিবগঞ্জ ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা ডুবে গেছে। কোথাও কোথাও পানি ঢুকেছে বসতবাড়িতেও। এছাড়া প্রায় ৩৫০ হেক্টর আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে এরই মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। গত দুই দিনে পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নে ১১ টন চাল বিতরণ করা হয়েছে। রোববার থেকে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, পানিবন্দি মানুষের সহায়তায় প্রশাসন কাজ করছে। আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের ১ হাজার ৮০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ১৮ টন চাল দেওয়া হয়েছে।

এদিকে, পানিবন্দি মানুষ জানিয়েছেন, সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পানির উৎসগুলো ডুবে যাওয়ায় দূরের এলাকা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। পাশাপাশি গবাদিপশু রাখা ও রান্নার কাজেও সমস্যায় পড়েছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভারতের উজানের ঢলের কারণে পদ্মার পানি বেড়েছে। শনিবার ও রোববার পানি স্থিতিশীল থাকতে পারে। তবে সোমবার থেকে পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

/এসআইএন

Logo