ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আজ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ভবিষ্যতে দেশে ডেঙ্গু বলে কোনো রোগ থাকবে না। ১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছে এবং ২০২৪ সালে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, প্রয়োজন হলে ঠিক একইভাবে ডেঙ্গুর বিরুদ্ধেও সবাইকে যুদ্ধ শুরু করতে হবে।
/এসআইএন