×
Logo

সারাদেশ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: আমিনুল হক

শরীয়তপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: আমিনুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে খেলাধুলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ভালো খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে, তাদের সুযোগ করে দেওয়াই অন্যতম লক্ষ্য।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার হাবিবউল্লাহ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণের জন্য ইতোমধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে মাঠ সংরক্ষণের মাধ্যমে সারা দেশে খেলাধুলার পরিবেশ তৈরি করতে চায় সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে। আমরা চাই, শহরের পাশাপাশি গ্রামের ছেলে-মেয়েরাও খেলাধুলার সুযোগ পাক। তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করা গেলে তাদের একটি ইতিবাচক ও সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে চরচান্দা ফুটবল একাদশ ও আরশিনগর ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে। সেখানে আরশিনগর ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে চরচান্দা ফুটবল একাদশ।

/এসআইএন


Logo