সাতক্ষীরা উপকূলীয় সীমান্তে ১০-১২ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদীতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
সাতক্ষীরা ১৭ বিজিবি জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির দায়িত্বপূর্ণ খুরমী বিওপির কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামক স্থান দিয়ে পুশইনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ।
ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়।
বিষয়টি খুরমী বিওপির টহল দলের নজরে আসামাত্রই বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অনুপ্রবেশে সরাসরি বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। বিএসএফের আজকের পুশইন চেষ্টা রুখে দেওয়া হয়েছে।
/এসআইএন