×
Logo

সারাদেশ

উজানের ঢলে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত নিমাঞ্চল; খাবার ও বিশুদ্ধ পানির সংকট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

উজানের ঢলে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত নিমাঞ্চল; খাবার ও বিশুদ্ধ পানির সংকট

উজানের ঢলে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গতরা। কিছু এলাকায় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম।

এদিকে, মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় পদ্মার তীব্র স্রোতে দেখা দিয়েছে ভাঙন। নদী তীরবর্তী মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।

গত কয়েক দিন ধরে ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা অববাহিকায় দ্রুত বাড়ছে পানি। এরই মধ্যে রাজশাহীর দক্ষিণের চর খিদিরপুর, খানপুরসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙনের শঙ্কায় আতঙ্কে দিন কাটছে তাদের। বসতভিটা হারালে কোথায় যাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন অনেকে।

এক বাসিন্দা বলেন, নদী ভেঙে গেলে ঘরবাড়ি আর থাকবে না। ছেলে-মেয়েদের নিয়ে কোথায় থাকব জানি না। পানির কারণে ঘরে থাকা যাচ্ছে না, সাপসহ বিভিন্ন প্রাণীর ভয়ও আছে।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জলমগ্ন পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, গত দুই-তিন দিনে পানি বৃদ্ধির পরিমাণ বেশি। আগামী এক-দুই দিন পানি আরও বাড়তে পারে। তবে আমাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের অন্তত আড়াই হাজার পরিবার গত তিন দিন ধরে পানিবন্দি। রান্না করা খাবারের সংকট দেখা দিয়েছে এসব এলাকায়। তলিয়ে গেছে প্রায় ৫৭ হেক্টর ফসলি জমি। পানির কারণে বন্ধ রাখা হয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, অনেক বাড়িতে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে তাদের। কোথাও কোথাও কোমরসমান পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এক বাসিন্দা বলেন, বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। গরু-বাছুর নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। ঘরে এক গলা পানি। পুরো গ্রামে কোথাও শুকনো জায়গা নেই।

ঢলের পানিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের বেশ কিছু বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। পানি বাড়তে থাকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন অনেকে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, বাচ্চাদের চলাফেরা খুব কষ্টকর হয়ে গেছে। স্কুলে যেতে পারছে না, স্কুলেও পানি উঠেছে। বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছি। গরু-বাছুর, ছাগলসহ সবকিছু পানিতে ডুবে যাচ্ছে।

অন্যদিকে, মুন্সিগঞ্জেও বেড়েছে পদ্মার পানি। নদীর তীব্র স্রোতে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল, মুন্সিগঞ্জ সদরের শিলাইসহ নদী তীরবর্তী কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব এলাকার বাসিন্দারা।

/এসআইএন

Logo