খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওষুধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার ময়ূরখীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্য অনুযায়ী, আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি।
খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে আতুসে মারমার ওষুধের গোডাউন ও দোকান, রেম্রাচাই মারমার সার ও কীটনাশকের দোকান এবং সাথোয়াই মারমা ও অংগ্য মারমার চায়ের দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকান সেডের এক পাশে থাকা চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে দোকানগুলোর ওষুধ, সার-কীটনাশক, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
/এনএ