সরাইলে টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জেরে ধরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলীপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় হাবলি পাড়ার লামিন। খেলা দেখার সময় স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সাথে লামিনের কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে শুভ হাবলি পাড়া গ্রামের লামিনকে মারধর করে। এ ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় রাতে আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকাজুড়ে আংতক ছড়িয়ে পড়ে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
/এসআর