গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধ গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
গাজীপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
গাজীপুরের শ্রীপুরে জমে থাকা জলাবদ্ধতার গভীর গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ ইলিম বাড়ি মোড় এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ এবং একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে একটি ফসলি জমির নিচু অংশে গভীর গর্ত তৈরি হয়ে পুকুরের মতো জলাশয়ের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে জুনায়েদ ও ইউসুফ বাড়ি থেকে বাইরে খেলাধুলা করতে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে ওই জলাবদ্ধ গর্তের পাশে শিশুদের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ছয় ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর বিকেলের দিকে গর্তের গভীর পানি থেকে একে একে দুই শিশুর নিথর মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, এ ঘটনায় নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিষ্পাপ দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
/এএ