ঝিনাইদহের কোটচাঁদপুরে ভুয়া এনএসআই পরিচয় দেওয়া যুবক আটক
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে মো. রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুশনা ইউনিয়নের তালসার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রাকিবুল উপজেলার শালকোপা গ্রামের মো. মহসীন আলীর ছেলে।
যস্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তালসার বাজার ও আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তার চলাফেরা ও আচরণ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়।
মঙ্গলবার তালসার বাজার এলাকায় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তালসার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন এবং কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করেন।
তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. তবিবার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে ভুয়া এনএসআই পরিচয়দানকারী রাকিবুলকে আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাকিবুলের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, ভুয়া পরিচয় ব্যবহার করে কারও কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা নিয়েছেন কি না— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র বা অন্য কোনো সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এনএ