ফরিদপুর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
ফরিদপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ)। ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের নিয়ে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরে ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
অধ্যক্ষ বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি চালুর ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি মানসম্মত ও টেকসই শিক্ষা বিস্তারের মাধ্যমে ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।