×
Logo

সারাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, দেশে ফিরলেই গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট মাদারীপুর

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, দেশে ফিরলেই গ্রেফতার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরে তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে আছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলেও জানান তিনি।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে নতুন কোনো ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার।

তিনি বলেন, কোনো জোট বাংলাদেশের মানুষের স্বার্থে কতটা গুরুত্বপূর্ণ এবং এতে দেশের কী উপকার হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। উপযুক্ত সময় এলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবে।

মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা, মাদারীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএ  

Logo