পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
পাবনা সাঁথিয়ায় একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, আব্দুল আজিজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়। এর পর আর সে বাড়িতে ফেরেনি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সাঁথিয়া উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার জৈনক মানিকের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে আব্দুল আজিজের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করে। ঘটনার পর জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনাস্থল পরির্দশন করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান বলেন, কারা কী কারণে এই হত্যকাণ্ড ঘটিয়েছে সেটি জানা যায়নি। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।