×
Logo

সারাদেশ

বগুড়ার সান্তাহারে বগি লাইনচ্যুতির সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

বগুড়া করেসপনডেন্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম

বগুড়ার সান্তাহারে বগি লাইনচ্যুতির সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যায় সান্তাহার জংশন স্টেশনে প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনটি স্টেশনেই আটকা পড়ে যায় এবং উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

দুর্ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত তৎপরতা শুরু করে। রাত ১০টার দিকে আটকে থাকা ট্রেনের লাইনচ্যুত বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে নিরাপদে আলাদা করা হয়। এরপর বাকি বগিগুলো নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন। প্রায় এক ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় লাইনচ্যুত বগিটি রেললাইন থেকে উদ্ধার করা হয় এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামত সম্পন্ন করা হয়। লাইন নিরাপদ ঘোষণা করার পর রাত সাড়ে ১১টা থেকে উত্তরবঙ্গের রুটে সব ধরনের ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

/এএ 

Logo