×
Logo

সারাদেশ

নাটোরে অস্ত্র মামলায় যুবক রাজন আলীর ২০ বছরের কারাদণ্ড

নাটোর করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

নাটোরে অস্ত্র মামলায় যুবক রাজন আলীর ২০ বছরের কারাদণ্ড

নাটোরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের দায়ে রাজন আলী (৩০) নামের এক যুবককে পৃথক দুইটি ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজন আলী রাজশাহীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ গ্রামের কেতাব আলীর ছেলে। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ২৮ জুন রাতে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী ‘মেহেদী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী রাজন আলীর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে দুটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে এ ঘটনায় রাজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘ চার বছর মামলাটির সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। রায়ে পৃথক দুটি ধারায় আসামিকে ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রায়ে আরও উল্লেখ করা হয়, আসামির দুটি ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে এবং ইতিপূর্বে তিনি যে সময় হাজতবাস করেছেন, তা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রাজন আলীকে কড়া পুলিশি নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

/এএ 

Logo