×
Logo

সারাদেশ

গাজীপুরে বিটিআই প্রয়োগে মশার লার্ভা ধ্বংসের বিশেষ অভিযান শুরু

গাজীপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

গাজীপুরে বিটিআই প্রয়োগে মশার লার্ভা ধ্বংসের বিশেষ অভিযান শুরু

মশাবাহিত রোগের প্রকোপ কমাতে ও ডেঙ্গু প্রতিরোধে জৈব কীটনাশক ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) প্রয়োগ করে মশার লার্ভা ধ্বংসের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ওষুধ ছিটিয়ে এ মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। 

উদ্বোধনকালে সিটি প্রশাসক শওকত হোসেন সরকার জানান, বিটিআই মশার লার্ভা ধ্বংসে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অত্যন্ত কার্যকর একটি উপাদান। এটি প্রয়োগের মাধ্যমে মশার প্রজনন উৎসগুলো কার্যকরভাবে বিনষ্ট করা সম্ভব হবে। 

তিনি বলেন, প্রাথমিক ধাপে যেসকল এলাকায় মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি তুলনামূলক বেশি, এমন চিহ্নিত ৯টি ওয়ার্ডে জোরদারভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে গাজীপুর সিটির মোট ৫৭টি ওয়ার্ডেই মশার লার্ভা ধ্বংসের এই কার্যক্রম বিস্তৃত করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, শুধু ওষুধ ছিটানোই নয়, নাগরিক সচেতনতা বৃদ্ধি ও জমে থাকা পানি পরিষ্কারে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও স্বাস্থ্য বিভাগের বিশেষ টিমগুলো ওয়ার্ডভিত্তিক নির্দিষ্ট হটস্পটগুলোতে প্রতিদিন ধারাবাহিকভাবে এই বিটিআই স্প্রে কার্যক্রম পরিচালনা করবে।

/এএ 

Logo