×
Logo

সারাদেশ

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের দায়ে মোক্তার আলী (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের (দায়রা জজ) বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, আসামি মোক্তার আলী ভুক্তভোগী শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে দাদু হন। শিশুটির পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় আসামী তাকে নানা প্রলোভন ও প্ররোচনা দিয়ে আসছিল। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মোক্তার আলী শিশুটিকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

পরে আসামি একাধিকবার শিশুটিকে ধর্ষণ করে, যার ফলে শিশুটি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি প্রকাশ পেলে শিশুটির বাবা মো. আলকাছ হোসেন বাদী হয়ে ওই বছরের ২৫ মে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির ইরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এ রায়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অপরাধ প্রবণতা কমে যাবে।

/এএম

Logo