সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
গাজীপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
সম্প্রতি গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে— এমন দাবির ভিত্তিতে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটুক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গত ৫ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫- এর বিচারক মো. রাকিবুল ইসলাম সিফাতের জামিন নামঞ্জুর করেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি ও রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকের সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আতাত করে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল সভা করার মদদদাতা। পুলিশ তার বিষয়ে তদন্ত করে এগুলোর প্রমাণও পেয়েছে। বিষয়গুলো আদালকে বুঝানোর পর বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে জামিন নামঞ্জুর হয়েছে। সিফাতকে আটকের পর পুলিশের বক্তব্য ছিলো তাকে সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য গালাগাল করার জন্য আটক করা হয়েছে। কিন্তু পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এতে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বিজ্ঞ আদালতকে সার্বিক বিষয়টি পুরোপুরি বোঝানোর পরও বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাতকে কারাগারে পাঠায় পুলিশ। আগেরদিন রাতে জিএমপির গাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
/এমএইচআর