পটুয়াখালীতে নদীতে জাল ফেলার সময় বজ্রপাতে নিহত ২
পটুয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা অপর তিন জেলে আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীর মোহনায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন—ইমন খাঁন ও শাকিব শিকদার।
স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে একটি মাছ ধরার ট্রলার নিয়ে মোট পাঁচজন জেলে বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ শিকার করতে যান। তুফানিয়া ও চরহেয়ার চরের মাঝামাঝি মোহনায় পৌঁছে জেলেরা নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ তীব্র ঝড়ো আবহাওয়ার সঙ্গে ট্রলারটির ওপর সরাসরি বজ্রপাত হয়। এতে ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে ঘটনাস্থলেই ইমন খাঁন ও শাকিব শিকদার মারা যান এবং বাকি তিনজন গুরুতর আহত হন।
পরে আশপাশে থাকা অন্যান্য মাছ ধরার ট্রলারের জেলেরা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। আহত তিন জেলেকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
/এএ