×
Logo

সারাদেশ

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই কলেজ শিক্ষার্থীসহ আহত ৩

রূপগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই কলেজ শিক্ষার্থীসহ আহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পলখান এলাকার বাবুল মিয়ার দুই কলেজপড়ুয়া ছেলে আলতাফ হোসেন ও সিফাত এবং তাদের বাঁচাতে এগিয়ে আসা প্রতিবেশী সাত্তার। 

পুলিশ ও স্থানীয় সূত্ররা জানান, পলখান এলাকার বাসিন্দা বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশী শাহীন আকন্দের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শাহীন আকন্দ ও তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাবুলের দুই ছেলে কলেজশিক্ষার্থী আলতাফ ও সিফাতের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপাতে থাকলে চিৎকার শুনে প্রতিবেশী সাত্তার তাদের রক্ষা করতে এগিয়ে যান। এ সময় হামলাকারীরা সাত্তারকেও কুপিয়ে গুরুতর জখম করে।  

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কলেজশিক্ষার্থী আলতাফের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আহতদের বাবা বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এএ

Logo