ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, শিশুসহ আহত ১২
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
সামাজিক আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয় এবং বেশকিছু দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপু এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জামির হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জেরে এদিন সকাল ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় উভয় পক্ষে শিশুসহ কমপক্ষে ১২ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশকিছু দোকানপাটসহ ৬টি বাড়ি ভাঙচুর করে লুটতরাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দলিলপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
/এমএইচআর