ভাঙ্গার ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত
ভাঙ্গা করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আলগীর ঝালডাঙ্গা বিলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দেখা যায়, প্রতিযোগিতায় ৮ টি নৌকা অংশ নেয়। বিজয়ী নৌকা সহ অংশ গ্রহণকারী প্রতিটি নৌকাকে একটি করে ফ্রিজ প্রদান করা হয়। এদিকে ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ দেখতে দু’পাড়ে হাজারো মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এ মিলনমেলায় এসে নৌকা বাইচ উপভোগ করেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দু,পাশের সড়ক সহ আশপাশে বসে গ্রামীণ মেলা। রাস্তার উপর বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিক, মিষ্টির দোকান সহ হাজার হাজার দোকানপাট বসে। এতে নারী সহ বিপুল সংখ্যক শিশু কিশোর ভীড় করেন।
আয়োজকরা বলেন, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। এমন নির্মল বিনোদন আমাদের যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখবে।
/এসআর