নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম
নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়ন্তীপুর বাজারে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জয়ন্তীপুর বাজারে চায়ের দোকানদার শামীম হোসেনের সঙ্গে মুদি দোকানদার মোস্তফার ৪৫ টাকার চায়ের বিল নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি পরে উভয়পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে দু'পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
পরে আহত ব্যক্তিদের সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু’পক্ষের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে তারা উত্তেজিত হয়ে মারামারিতে জড়িয়ে পড়লে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
/এসআর