রংপুরে ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনাস সামাদ ইয়াবাসহ গ্রেফতার
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
রংপুরে হত্যাচেষ্টা, মাদক কারবার ও ছিনতাইসহ ১৪টি মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ আসামি আনাস সামাদকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর মহানগরীর স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনাস সামাদ নগরীর রেলগেট বাবুপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আনাস সামাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবৈধ মাদক কারবার, অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন গুরুতর অভিযোগে অন্তত ১৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। এর পাশাপাশি তিনি গোপনে বিভিন্ন অপরাধী ও সন্ত্রাসীদের সংঘবদ্ধ করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে স্টেশন এলাকায় তার অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এএ