×
Logo

সারাদেশ

সার পাচার ও পুশ-ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

সার পাচার ও পুশ-ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সার পাচার এবং ভারত থেকে অবৈধভাবে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ চলাচল ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ রোধে স্থানীয়দের সতর্ক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদের সীমান্তঘেঁষা স্থানীয় বাসিন্দাদের বিজিবির এ কঠোর অবস্থানের কথা জানান। 

তিনি বলেন, সীমান্ত দিয়ে সার পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে ভারত থেকে কাউকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি সূত্র জানায়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা হচ্ছে। সীমান্তের ওপারে থাকা আত্মীয়-স্বজনের কাছ থেকে এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানাতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।

সার পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। কোনো ব্যক্তি বা চক্র সার পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

স্থানীয়দের জন্য বেশ কিছু নির্দেশনাও দিয়েছে বিজিবি। এর মধ্যে রয়েছে— অবৈধভাবে ভারতে প্রবেশ না করা, শূন্যরেখা অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত এলাকায় অবস্থান না করা এবং শূন্যলাইনের কাছে গবাদিপশু না চরানো। এছাড়া ভারতীয় জমি লিজ নিয়ে চাষাবাদ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মাদক, স্বর্ণ, গরু ও মানবপাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

/এনএ 


Logo