মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত ১, আহত ১০
স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে ১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আসামিসহ আরও ১০ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক জানান, শিবচর থানায় দায়ের একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে ৪ আসামিকে গ্রেফতার করা হয়। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে আসামি বহনকারী পুলিশের পিকআপ গাড়িটি শিবচর থানার দিকে ফিরছিলো। সদর উপজেলার পখিরা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা রাস্তা পারপার হওয়ায় পথচারী এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপটি।
এ সময় বেপরোয়া গতি থাকায় সড়কেই উল্টে যায় আসামি বহনকারী গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয়। আহত হয় ৪ আসামি, ৪ পুলিশ ও দুই পথচারী। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় সবাইকে ঢাকা মেডিকেলে ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এএন