×
Logo

সারাদেশ

মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধসহ দম্পতি গ্রেফতার

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ঔষধসহ দম্পতি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর উপজেলার নেপা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওই উপজেলার বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) ও তার স্ত্রী পারভীন খাতুন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মহেশপুর থানার একটি দল উপজেলাটির নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটির দুই তলায় তল্লাশি চালায়। ওই বাড়ির দুই তলায় জাকারিয়া ও তার স্ত্রী পারভীন ভাড়া থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই দম্পতিকে আটক করা হয়।

পরে ঘরের বিছানার নিচে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৭০০ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

/এমএম/এনএ 

Logo