বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজার করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলসংলগ্ন মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে আকস্মিক ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জেলে।
উদ্ধার পাওয়া জীবিত জেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে মাছ ধরার ট্রলারটি মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। এ সময় আকস্মিক তীব্র ঝড়ো হাওয়া শুরু হলে বঙ্গোপসাগরের উত্তাল ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি মুহূর্তের মধ্যে উল্টে যায়।
দুর্ঘটনার সময় ট্রলারে থাকা চারজন জেলে দ্রুত সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। তবে বাকি চারজন ট্রলারটির মেশিনরুমে অবস্থান করায় ভেতরেই আটকা পড়েন এবং বের হতে ব্যর্থ হন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাগরে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে মেশিনরুমে আটকে পড়া জেলেদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও অপর দুই জেলের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধারকারী দল সোনাদিয়া চ্যানেল ও আশপাশের জলসীমায় অভিযান অব্যাহত রেখেছে।
/এএ