×
Logo

সারাদেশ

মহাসড়কে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ এএম

মহাসড়কে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের সার্বিক নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আকস্মিক এই ধর্মঘটের কারণে টার্মিনালে এসে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই বিকল্প উপায়ে এবং বাড়তি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। 

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বুধবার সকালে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি যাত্রীবাহী বাস আটকে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাস দুটি ব্যাপক ভাঙচুর করা হয় এবং চালক ও তার সহযোগীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এছাড়া শ্রমিকদের কাছে থাকা ট্রিপের নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। 

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে চালক ও শ্রমিকদের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

/এএ

Logo